বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশ হচ্ছে : আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিতে অধ্যাদেশের একটি খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। পরবর্তী উপদেষ্টা পরিষদের বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছিল। অবশ্যই তাদের দায়মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম করেছিল, সেজন্য তাদের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজনও রয়েছে।’

তিনি আরো উল্লেখ করেন, ‘এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব (বা গণঅভ্যুত্থানে) জনধিক্কৃত সরকারগুলোর পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায়মুক্তির আইন হয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদে দায়মুক্তির আইনের বৈধতা রয়েছে এবং ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন হয়েছিল।’

তিনি বলেন, ‘এসব নজির ও আইনের আলোকে আইন মন্ত্রণালয় দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাল্লাহ আগামী উপদেষ্টামণ্ডলির বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।’