আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় নেতাকর্মীরা নাগরিক সমস্যাগুলো তুলে ধরেন এবং তারেক রহমান সেগুলোর নোট নেন। তিনি নির্বাচনী কাজের জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার জানান, সভায় সাংগঠনিক অবস্থা পর্যালোচনার পাশাপাশি কিছু জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ বনানী ও ক্যান্টনমেন্ট থানার নেতাকর্মীরা।
ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির বলেন, সভায় নীতি-ভিত্তিক আলোচনা হয়েছে। ভোটারদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। ঢাকা-১৭ আসনে দুই ধরনের ভোটার রয়েছেন— উচ্চবিত্ত ও নিম্নবিত্ত। নিম্নবিত্তদের মধ্যে কয়েকটি বস্তির বাসিন্দারা রয়েছেন। তাদের জন্য বিশেষ পরিকল্পনা নিয়েছেন তারেক রহমান।
তিনি জানিয়েছেন, যারা গত ৩-৫ বছর ধরে এই আসনের তিনটি বস্তিতে বসবাস করছেন, তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। একই জায়গায় পুনর্বাসনের পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে এলাকায় শব্দদূষণ, ট্রাফিক জ্যাম ও নিরাপত্তাজনিত সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
সভা শেষে নেতাকর্মীরা জানান, এটি নির্বাচনকে কেন্দ্র করে ধারাবাহিক বৈঠকের অংশ। স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য বিএনপি নেতৃত্ব কাজ করবে।




