আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, সারাদেশে মোট ২৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১৮৪২টি বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৭২৩টি বাতিল হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসির প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা পড়ে ২৫৬৮টি। যাচাই শেষে বৈধ হয়েছে ১৮৪২টি এবং বাতিল হয়েছে ৭২৩টি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তাঁর তিনটি মনোনয়নপত্র যাচাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
অঞ্চলভিত্তিক ফলাফল:
ঢাকা অঞ্চলে ৪৪২টি মনোনয়নপত্রের মধ্যে ৩০৯টি বৈধ, ১৩৩টি বাতিল।
রংপুরে ২১৯টি বৈধ, ৫৯টি বাতিল।
রাজশাহীতে ১৮৫টি বৈধ, ৭৪টি বাতিল।
খুলনায় ১৯৬টি বৈধ, ৭৯টি বাতিল।
বরিশালে ১৩১টি বৈধ, ৩১টি বাতিল।
ময়মনসিংহে ১৯৯টি বৈধ, ১১২টি বাতিল।
ফরিদপুরে ৯৬টি বৈধ, ৪৬টি বাতিল।
সিলেটে ১১০টি বৈধ, ৩৬টি বাতিল।
কুমিল্লায় ২৫৯টি বৈধ, ৯৭টি বাতিল।
চট্টগ্রামে ১৩৮টি বৈধ, ৫৬টি বাতিল।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এ জন্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। অঞ্চলভিত্তিক ১০টি বুথে আপিল গ্রহণ করা হবে। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ও এনসিপির নেতারাও।
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনী আচরণবিধি অনুসরণে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি নির্দেশনা দিয়েছে ইসি।




