বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা প্রয়াত নেত্রীর রুহের মাগফেরাত কামনা করে আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করেছেন এবং তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো শোকবার্তায় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমানও একই ধরনের বার্তা পাঠান।
এদিকে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানান। রাষ্ট্রপতির কাছে পাঠানো শোকবার্তায় তিনি প্রয়াত নেত্রীর পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। গত বছর জরুরি চিকিৎসার জন্য তাঁকে কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনে নেওয়া হয়।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ৮০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।




