বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে মানুষের ঢল নেমেছে। নতুন বছরের প্রথম দিনেও তারা শোক, স্মৃতি ও ভালোবাসায় আবদ্ধ হয়ে প্রিয় নেত্রীর কবর জিয়ারতে ছুটে গেছে।
বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মানুষজন জিয়া উদ্যানে আসতে থাকেন। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার কেউ দল বেঁধে হেঁটে এসে শ্রদ্ধা জানান। হাতে ফুল, চোখে অশ্রু আর ঠোঁটে নীরব প্রার্থনায় সমাধিস্থল পরিণত হয় আবেগঘন মিলনস্থলে।
নিরাপত্তাজনিত কারণে বন্ধ রাখার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়ার লেক রোড। প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন এবং শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদনে সহযোগিতা করেন।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সকালে কবর জিয়ারত করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
পাবনা থেকে আসা মাহফুজ বলেন, খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের অভূতপূর্ব উপস্থিতি প্রমাণ করে তিনি দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিয়েছেন। তিনি ছিলেন নিবেদিতপ্রাণ গণতান্ত্রিক নেত্রী, যিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন।
মিরপুর থেকে আসা সাহজাহান বলেন, খালেদা জিয়ার ওপর চালানো নির্যাতন নজিরবিহীন হলেও তিনি কখনো মাথা নত করেননি। তিনি জানান, তিনি কোনো রাজনৈতিক দলের মানুষ নন, তবু খালেদা জিয়ার নেতৃত্বকে ব্যক্তিগতভাবে দেশের সোনালি সময় হিসেবে মনে করেন। রাজবাড়ী থেকে আসা সুমনা আক্তার বলেন, খালেদা জিয়া ছিলেন সাহসী নারী নেতৃত্বের প্রতীক, যিনি রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন।
মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি যেন ঘোষণা করে— একজন রাষ্ট্রনায়কের শারীরিক প্রস্থান তাঁর আদর্শ ও প্রভাবকে মুছে দিতে পারে না। সময়ের ব্যবধান যতই বাড়ুক, স্মৃতির গভীরে খালেদা জিয়া রয়ে যাবেন চিরকাল।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।




