বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বিএনপি-জামায়াত বৈঠকের পর জাতীয় ঐক্যের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জাতীয় ঐক্যের ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী পাঁচ বছরের জন্য দেশ গঠনে বৃহত্তর ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির বলেন, নির্বাচন-পরবর্তী রাষ্ট্র গঠন ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য অপরিহার্য। নির্বাচনের পর শপথ গ্রহণের আগেই আবারও বৈঠকে বসার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছেন।

এর আগে জামায়াতের প্রতিনিধি দল সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করে তাঁর রুহের মাগফেরাত কামনা করে। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে আজীবন ভূমিকা রেখেছেন এবং বিরল সম্মান নিয়ে বিদায় নিয়েছেন।

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির অভিযোগ করেন, বিদেশে চিকিৎসার অনুমতি সময়মতো না দেওয়ায় তাঁর অপূরণীয় ক্ষতি হয়েছে।

আগামীর রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে যেমন রাজপথে একসঙ্গে আন্দোলন হয়েছে, ভবিষ্যতেও জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করা সম্ভব। আগামী পাঁচ বছরে দেশ ও জনগণের জন্য ভালো কিছু করতে কতটা ঐক্য গড়ে তোলা যায়, তা নিয়েই আলোচনা হয়েছে।

নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন যেন নির্বিঘ্ন, সুষ্ঠু ও স্বচ্ছ হয়—এটাই তাদের প্রত্যাশা। একটি কার্যকর গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় তারা দৃঢ় প্রতিজ্ঞ।