বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মুসলিম বিশ্বের বৃহত্তম জানাজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা বাংলাদেশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে এবং বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হয়েছে।

বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার জানাজা। বিকাল ৩টা ৩ মিনিটে শুরু হওয়া এই জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন। শুধু মানিক মিয়া অ্যাভিনিউ নয়, আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জনসমুদ্রে পরিণত হয়। উপস্থিত জনতার ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না। ধারণা করা হচ্ছে, এটি ইতিহাসে কোনো মুসলিম নারীর সর্ববৃহৎ জানাজা এবং মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ জানাজা।

জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি কূটনৈতিকরা এবং লাখ লাখ নেতা-কর্মীও উপস্থিত ছিলেন। জানাজায় ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব।

সকাল সোয়া ৯টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ প্রথমে গুলশানের বাসায় নেওয়া হয়। সেখানে তাঁর বড় ছেলে ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কফিনের পাশে বসে কোরআন তিলাওয়াত করেন। পরে গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়। জাতীয় পতাকায় মোড়ানো লাশ বহনকারী গাড়িটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে সকাল সাড়ে ১১টার পর।

জানাজায় অংশ নেওয়া মানুষরা বলেন, বেগম খালেদা জিয়া আমৃত্যু দেশের মানুষের অধিকার আদায়ে আপোসহীন সংগ্রাম করেছেন। তাঁর শেষ বিদায়ে লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও প্রিয় ছিলেন। তাঁরা আরও বলেন, দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক লড়াই ও অবদান ইতিহাসে অমর হয়ে থাকবে।

জানাজার পর বেগম খালেদা জিয়ার মরদেহ তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীর বিভিন্ন স্থানে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। স্বৈরশাসনের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের জন্য তিনি দেশনেত্রী হিসেবে খ্যাতি লাভ করেন। গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামের জন্য তিনি জনগণের ভালবাসায় “গণতন্ত্রের মাতা” হিসেবে সম্মানিত হন।