বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে তাঁকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে সমাহিত করা হয়।
এর আগে বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হয় তাঁর নামাজে জানাজা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজার নামাজ পড়ান। লাখো মানুষের উপস্থিতিতে মানিক মিয়া এভিনিউ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশি-বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ। বিদেশি অতিথিদের মধ্যে পাকিস্তানের স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
জানাজার আগে তারেক রহমান উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, জীবিত অবস্থায় তাঁর মা কারো কাছে ঋণী হয়ে থাকলে তিনি তা পরিশোধ করবেন। একই সঙ্গে কারো মনে খালেদা জিয়ার আচরণে আঘাত লাগলে তাঁর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন।
বুধবার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ গুলশানের বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও দলীয় নেতারা শেষ শ্রদ্ধা জানান। পরে মরদেহ মানিক মিয়া এভিনিউতে আনা হলে লাখো মানুষ প্রিয় নেত্রীকে শেষবারের মতো দেখতে ভিড় করেন।
জানাজা ও দাফনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। সংসদ ভবন ও আশপাশের এলাকায় পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা মোতায়েন ছিলেন।
গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার সাধারণ ছুটি পালন করা হয়েছে।
দেশের গণতান্ত্রিক আন্দোলন ও বিরোধী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই প্রভাবশালী নেত্রীর মৃত্যুতে সমগ্র জাতি শোকাহত। লাখো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা ও শ্রদ্ধায় তাঁকে বিদায় জানানো হয়।




