বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ও নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
জাতিসংঘ খালেদা জিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘের শোকবার্তায় বলা হয়, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে।”
বিশ্বনেতারাও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা দিয়ে বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া দেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শোক জানিয়েছেন।
জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের একজন মন্ত্রী।
এছাড়া আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া ও ইরানসহ বিভিন্ন দেশের দূতাবাস শোকবার্তা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গুলশানে বিএনপির কার্যালয়ে বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তারা শোক বইয়ে স্বাক্ষর করেছেন।
ঢাকাস্থ আমেরিকার দূতাবাসের এক্স অ্যাকাউন্টে বলা হয়েছে, খালেদা জিয়া তাঁর দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
চীনা দূতাবাস তাদের ফেসবুক পেজে শোকবার্তায় লিখেছে, ‘খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের সঙ্গে আমরাও শোকাহত।’
ফ্রান্সের দূতাবাস তাদের ফেসবুক পেজে বলেছে, খালেদা জিয়া বাংলাদেশের জাতীয় জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
জার্মানির দূতাবাসের ফেসবুক পেজে লেখা হয়েছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
কানাডা হাইকমিশন তাদের ফেসবুকে লিখেছে, ‘খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’
যুক্তরাজ্যের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।’
জাপান দূতাবাস তাদের ফেসবুক পোস্টে লিখেছে, ‘খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।’
অস্ট্রেলিয়া হাইকমিশন তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।’
ইরান দূতাবাসও বাংলাদেশ সরকার, বাংলাদেশের জনগণ ও বিএনপির সব নেতাকর্মীর প্রতি গভীর শোক প্রকাশ করেছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো মানুষ তাঁর রাজনৈতিক সংগ্রাম, আত্মত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।




