বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর আনুমানিক দুপুর ২টার দিকে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে তিনবারের প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে এবং জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা পড়ানো হবে। সর্বস্তরের জনগণ নির্বিঘ্নে অংশ নিতে পারেন এজন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তর প্রস্তুতি সম্পন্ন করেছে।
জানাজার পর বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হবে। এসময় পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও বিএনপি মনোনীত নেতারা উপস্থিত থাকবেন। দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য নির্ধারিত ব্যক্তিদের বাইরে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না এবং কাজ শেষ না হওয়া পর্যন্ত জনসাধারণের চলাচল সীমিত থাকবে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জমান চৌধুরী জানিয়েছেন, শহীদ জিয়ার কবরের পূর্বপার্শ্বে ৪ ফুট বাই ৭ ফুট নতুন কবর খোঁড়া হচ্ছে বেগম খালেদা জিয়ার জন্য। বসত আর্কিটেক্ট প্রকৌশল সংস্থা, যারা ২০০২ সালে শহীদ জিয়ার সমাধিস্থল সংস্কার করেছিল, এবারও একই নকশায় কাজ করছে। কবর বাঁধাইয়ে মার্বেল পাথর ব্যবহার করা হবে এবং সবুজ ঘাসে আচ্ছাদিত থাকবে। মূল নকশায় কোনো পরিবর্তন আনা হবে না।




