বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বাংলাদেশ, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতি। রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তাঁর অবদান স্মরণ করে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার এক সরকারি তথ্য বিবরণীতে এই কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতি বলেন, ‘গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ এ ছাড়া, রাষ্ট্রপতি দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা করার আহবান জানান।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, “খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে।” ভাষণে তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তিনি আরও বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে।

প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন এবং জানাজা উপলক্ষে বুধবার এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। তিনি দেশবাসীকে আহ্বান জানান, যেন শোকাবহ এই সময়ে সবাই ঐক্যবদ্ধ থাকে এবং শৃঙ্খলার সঙ্গে জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।

বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর শেষনিঃশ্বাস ত্যাগের খবর ছড়িয়ে পড়তেই হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে ভিড় করেন। কান্না ও আহাজারিতে হাসপাতাল ও গুলশান কার্যালয় বেদনাবিধুর পরিবেশে পরিণত হয়। অনেকেই তাঁকে অভিভাবক ও মাতৃস্নেহে আগলে রাখা নেতা হিসেবে স্মরণ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। শামসুজ্জামান দুদু উল্লেখ করেন, গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য তাঁর সংগ্রাম চিরস্মরণীয় হয়ে থাকবে। দলীয় কর্মীরা তাঁকে অভিভাবক হিসেবে আখ্যায়িত করে জান্নাত কামনা করে। তারা বলেন, তিনি ছিলেন তাঁদের শেষ আশ্রয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখ লাখ মানুষ শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল লিখেছেন, “কোটি কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী।” ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ তাঁর আত্মার শান্তি কামনা করেন।

সাংবাদিক এম মোশাররফ হোসাইন ও সাংস্কৃতিক কর্মী মধুসূদন মিহির চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, আত্মত্যাগ এবং নারীর ক্ষমতায়নে তাঁর ভূমিকার কথা স্মরণ করেছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, এভারকেয়ার হাসপাতাল ও গুলশানে চেয়ারপার্সনের কার্যালয় এলাকায় অগণিত নেতা-কর্মীকে আহাজারি করতে দেখা গেছে।

বিশ্ব নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করে বার্তা পাঠানো হয়েছে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদানকে জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল, কোরআন তিলাওয়াত ও শোক পালন চলছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া বিরাজ করছে।