বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করানো হচ্ছে এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে চিকিৎসা বোর্ডের সদস্য ডা. জিয়াউল হক বলেন, “বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ডায়ালাইসিস বন্ধ করলেই তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি দেখা দেয়।” চিকিৎসা বোর্ডের আরেক সদস্য ডা. জাফর ইকবাল তার অবস্থাকে ‘ক্রিটিক্যালি ইল’ হিসেবে উল্লেখ করে সবার কাছে দোয়া চান।
সোমবার দিবাগত মধ্যরাত ২টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আবার ব্রিফ করে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন।” তিনি বলেন, “আমি গত পরশুদিনও আপনাদেরকে বলেছিলাম উনি (খালেদা জিয়া) উনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রান্ত করছে এবং সময় বলে দিবে উনি (খালেদা জিয়া) কতটুকু সেই সময় বা সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন।”
চিকিৎসকরা জানিয়েছেন, বয়সজনিত দুর্বলতা ও একাধিক জটিল রোগে আক্রান্ত থাকায় একসঙ্গে সব ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। তার শারীরিক অবস্থা কখনো সামান্য উন্নতি, আবার কখনো অবনতির মধ্যে ওঠানামা করছে। তাকে সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাতে হাসপাতালে গিয়ে মায়ের শয্যার পাশে অবস্থান করেন। এদিন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কন্যা জাহিয়া রহমান, বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামিম ইস্কান্দারসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে হাসপাতালের প্রধান ফটক ঘিরে রাখা হয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। ৩০ জন দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড প্রতিদিন বৈঠক করে তার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করছে।
দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদরোগ ও চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৭ নভেম্বর সিসিইউতে স্থানান্তর করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আল্লাহর রহমত এবং চিকিৎসকদের নিরলস প্রচেষ্টায় তিনি সংকট কাটিয়ে উঠতে পারলে কিছুটা ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে।




