বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে নয়াপল্টনে দলের কার্যালয়ে পৌঁছালে হাজারো নেতাকর্মী তাকে স্বাগত জানান।

কার্যালয়ে প্রবেশের পর বারান্দায় দাঁড়িয়ে তিনি হাসিমুখে নেতাকর্মীদের সালাম জানান এবং সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। তাই আমরা চেষ্টা করবো রাস্তাটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য, যেন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।”

তিনি বলেন, “যার পক্ষে যতটুকু সম্ভব— আমরা সচেষ্ট হই, কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি।”

তারেক রহমান বলেন, “ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে যখন কর্মসূচি থাকবে, আমি বক্তব্য রাখবো। সবাই আমার জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও দোয়া করি যে, সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।”

এসময় নেতাকর্মীরা স্লোগান দেন— “তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে”, “তারেক রহমান এসেছে, রাজপথ হাসছে” ইত্যাদি।

এর আগে বিকেল ৩টায় তিনি গুলশান এভিনিউ’র বাসভবন থেকে রওনা হয়ে কার্যালয়ে পৌঁছান। সেখানে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, তারেক রহমান কার্যালয়ের ভেতরে সব কক্ষ ঘুরে দেখেন এবং মাগরিবের নামাজ আদায় করেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই হাজারো নেতাকর্মী সেখানে জড়ো হন। কার্যালয় বর্ণিল সাজে সাজানো হয়। নিরাপত্তার জন্য সিএসএফ ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারি চালায়, র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করা হয়।

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর রবিবার তিনি প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করেন। সোমবার তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংগঠনিক কাজে অংশ নেন।