বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “স্বাভাবিকভাবে ওনার অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন।”

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। চিকিৎসায় তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের সমস্যা রয়েছে। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার দাবি বিএনপির পক্ষ থেকে করা হলেও আকাশযাত্রার উপযোগী না হওয়ায় তা সম্ভব হয়নি।

১৭ বছর পর দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে দেখতে হাসপাতালে যান। শনিবার দিনভর কর্মসূচি শেষে তিনি আবারও হাসপাতালে গিয়ে দুই ঘণ্টার বেশি সময় মায়ের পাশে অবস্থান করেন। রাত ১১টা ৫৮ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম দেশেই চলমান থাকবে এবং তাঁর শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুক্রবার জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন মসজিদে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, এতে নেতাকর্মীরা অংশ নেন।