বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। সকাল ১১টার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত হাদির কবরের কাছে পৌঁছান। সেখানে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ফাতিহা পাঠ করেন এবং জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।
কবর জিয়ারতের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানসহ শিক্ষাবিদরা অংশ নেন।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা দেন তারেক রহমান। সাদা রঙের ফুল দিয়ে সাজানো গাড়িতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। তাঁর আগমনকে ঘিরে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত ব্যারিকেড বসানো হয় এবং শাহবাগ এলাকায়ও পুলিশের নজরদারি ছিল। ছাত্রদলের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানান।
কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশন কার্যালয়ে যান ভোটার নিবন্ধনের জন্য। এরপর ধানমন্ডির মাহবুব ভবনে গিয়ে কিছু সময় কাটান এবং পরে এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যান।
দেশে ফেরার দুই দিনের মাথায় তারেক রহমান একে একে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি, ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। বনানী কবরস্থানে কোকোর সমাধি এবং বনানী সামরিক কবরস্থানে শ্বশুরের কবর জিয়ারত শেষে তিনি মোনাজাত করেন। একই সময়ে পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবর জিয়ারত করেন তিনি।
দীর্ঘ ১৭ বছর লন্ডনে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ওই দিন বসুন্ধরার ৩০০ ফিট সড়কে আয়োজিত সংবর্ধনা সমাবেশে বিপুল জনসমাগম হয়। দেশে ফেরার পরদিন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।




