বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাত ১০টা ৪ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন এবং প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাত ১০টা ৩৩ মিনিটে তিনি স্মৃতিসৌধ ত্যাগ করেন।

স্মৃতিসৌধে পৌঁছে তারেক রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর রাত ১০টা ৩৭ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের অন্যান্য স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা।

এর আগে নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে তারেক রহমানের পক্ষে বিএনপি নেতারা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। তবে রাতে তিনি নিজে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান। তার আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধ এলাকায় ভিড় করেন। ব্যানার-ফেস্টুন হাতে তারা সেখানে অবস্থান করেন এবং সারাদিন তারেক রহমানের জন্য অপেক্ষা করেন।

নিরাপত্তা নিশ্চিত করতে স্মৃতিসৌধ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ, বিজিবি, আনসার এবং সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রবেশপথে কড়া নজরদারি ও তল্লাশি চালানো হয় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে।

এর আগে বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরে অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে গুলশানের বাসভবনে ফেরেন।

শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি প্রথমে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রাতের বেলায় জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

তারেক রহমানের এই শ্রদ্ধা নিবেদনকে বিএনপি নেতাকর্মীরা দলের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন। তাদের মতে, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে তারেক রহমান দেশের গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন।