বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনও মূল্যে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং এ জন্য মহান আল্লাহর রহমত প্রয়োজন।

তিনি আরও বলেন, আগামীতে ক্ষমতায় আসলে মহানবী (সা.) এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো। আমরা যেই ধর্মের মানুষ বা যে রাজনৈতিক দলের অনুসারী হই না কেন— যে কোনও মূল্যে দেশের শৃঙ্খলা রক্ষা করতে হবে। যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। এই হোক আমাদের প্রতিজ্ঞা।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেন। স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ মঞ্চে তারেক রহমানকে শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে বলতে চাই— দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে। আই হ্যাভ অ্যা প্ল্যান। এ জন্য প্রতিটি গণতন্ত্রকামী মানুষের সহযোগিতা লাগবে। তাহলে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন আধিপত্যশক্তি এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সম্প্রতি ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনাকে তিনি গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর আঘাত হিসেবে উল্লেখ করেন।

তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাহাড় ও সমতলের মানুষকে নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে নারী ও শিশু নিরাপদে চলাফেরা করতে পারবে। বিগত সরকারের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, দেড় যুগে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। এ সময় তিনি তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

তারেক রহমানের গাড়িবহর বিকাল ৫টা ২৩ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করেছে। এভারকেয়ার হাসপাতালে গিয়ে মায়ের পাশে একান্ত কিছু সময় কাটাবেন। এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে দুপুর ১২টা ৩৫মিনিটে তিনি সড়ক পথে একটি বিশেষ বাসে (বুলেটপ্রুফ) করে রওনা দেন। লাল-সবুজ রঙের বাসটির দুপাশে খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। জানালাগুলো বিশেষ নিরাপত্তা কাচে আবৃত। বাসটির সামনে লেখা ‘সবার আগে বাংলাদেশ’। এই বাসের সামনে বসে তিনি নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছা জানান।
এসময় বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রাখে পুরো এলাকা। একই বাসে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রে জানা গেছে, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

মাতৃভূমির মাটিতে খালি পায়ে স্পর্শ করে তিনি আবেগ প্রকাশ করেন। এই প্রত্যাবর্তনকে বিএনপি নেতাকর্মীরা দেখছেন নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে।

আগামীকাল শুক্রবার বাদ জুমা জিয়াউর রহমানের মাজার ও সাভার স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। শনিবার নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। পরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন।

বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।