দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আকাঙ্ক্ষা ভরা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বৃহস্পতিবার রাজধানী ঢাকায় জনস্রোতে রূপ নেয়। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে লাখো নেতাকর্মীর উচ্ছ্বাসে মুখরিত হয় চারপাশ। সড়কের দুপাশে দাঁড়িয়ে মানুষ তাকে অভ্যর্থনা জানায় এবং গণসংবর্ধনায় অংশ নেন তারেক রহমান।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে দুপুর ১২টা ৩৫মিনিটে তিনি সড়ক পথে একটি বিশেষ বাসে (বুলেটপ্রুফ) করে রওনা দেন। লাল-সবুজ রঙের বাসটির দুপাশে খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি সংযুক্ত রয়েছে। জানালাগুলো বিশেষ নিরাপত্তা কাচে আবৃত। বাসটির সামনে লেখা ‘সবার আগে বাংলাদেশ’। এই বাসের সামনে বসে তিনি নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছা জানান।
এসময় বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রাখে পুরো এলাকা। একই বাসে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
এখান থেকে হাসপাতালে গিয়ে মায়ের পাশে একান্ত কিছু সময় কাটাবেন। এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রে জানা গেছে, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
মাতৃভূমির মাটিতে খালি পায়ে স্পর্শ করে তিনি আবেগ প্রকাশ করেন। এই প্রত্যাবর্তনকে বিএনপি নেতাকর্মীরা দেখছেন নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হিসেবে।
আগামীকাল শুক্রবার বাদ জুমা জিয়াউর রহমানের মাজার ও সাভার স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। শনিবার নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। পরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন।
বুধবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তারেক রহমান।




