বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

অবশেষে প্রিয় দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে অবশেষে প্রিয় জন্মভূমির মাটিতে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এর আগে সকাল ৯টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি যাত্রাবিরতি করে।

তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তাকে ফুল দিয়ে বরণ করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির স্থায়ী কমিটির নেতারা। রাজধানীজুড়ে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

বিমানবন্দরের রজনীগন্ধা লাউঞ্জে ২০ মিনিট অবস্থান শেষে তিনি চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে সড়ক পথে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন।

গুলশানে ফিরোজা নাকি নিজ বাসায় উঠবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।