২৫ ডিসেম্বর বৃহস্পতিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে। খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে রাজধানীসহ সারাদেশের গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। রঙিন বাতি দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো, বিশেষ প্রার্থনা, শিশুদের মাঝে উপহার বিতরণ ও ধর্মীয় গান পরিবেশনের মধ্য দিয়ে উৎসব চলছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণীতে খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজসহ বিভিন্ন খ্রিস্টান সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা তাঁর নেতৃত্বে দেশের অর্থনীতি ও আসন্ন নির্বাচনের প্রতি আস্থা প্রকাশ করেন। আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ যিশু খ্রিস্টের মানবপ্রেমের আদর্শ তুলে ধরে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা সবাইকে বড়দিন ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাই সনদের ওপর গণভোটের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। শেষে তিনি প্রতিনিধিদের সঙ্গে কেক কাটেন।
বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি বলেন, বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। মহান যীশুখ্রিস্ট ক্ষমা, করুণা ও মানবপ্রেমের দিশারী হয়ে পৃথিবীতে এসেছিলেন মানুষে মানুষে সম্প্রীতির মহাবার্তা নিয়ে। তিনি উল্লেখ করেন, সব ধর্মের মূল শিক্ষা মানুষের সেবা ও কল্যাণ। সমাজে শান্তি, ন্যায় ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বড়দিনের কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
সরকারি ছুটি থাকায় পরিবার ও স্বজনদের সঙ্গে মিলিত হয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীরা দিনটি উদযাপন করছেন। রাজধানীর তারকা হোটেলগুলোয় আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি ও সান্তা ক্লজ স্থাপন করা হয়েছে।
উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আতশবাজি, পটকা, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে। ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়া এভারকেয়ার হাসপাতাল ও সংলগ্ন এলাকায় জনশৃঙ্খলা রক্ষার্থে ড্রোন ওড়ানোও নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি ও রেডিও চ্যানেলগুলো বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। সর্বত্র উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হচ্ছে।




