বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

হিথ্রো বিমানবন্দর ছাড়লেন তারেক রহমান, ঢাকার পথে সপরিবারে যাত্রা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দেড় যুগ নির্বাসন শেষে দেশে ফিরছেন। বাংলাদেশ সময় বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৭ মিনিটে তিনি স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট বিজি-২০২ তে ঢাকার উদ্দেশে রওনা দেন।

বিমান সূত্রে জানা গেছে, বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজটি প্রথমে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টা ৫৫ মিনিটে অবতরণ করবে। এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। সব ঠিক থাকলে ফ্লাইটটি সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে ফ্লাইট পরিচালনায় বিশেষ নিরাপত্তা ও সমন্বয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকায় পৌঁছেই তারেক রহমান প্রথমে যাবেন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর গুরুতর অসুস্থ মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে। তবে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় দলের পক্ষ থেকে তৈরি করা সংক্ষিপ্ত গণঅভ্যর্থনা মঞ্চে তিনি দেশবাসীর উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এরপর গুলশানের বাসায় উঠবেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ, কৌতূহল ও আবেগের সৃষ্টি হয়েছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, এটি নিছক কোনো ব্যক্তিগত বা দলীয় ঘটনা নয়; বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক আবেগঘন অধ্যায়। তাদের বিশ্বাস, তারেক রহমানের দেশে ফেরা দলকে নতুন করে সংগঠিত করবে এবং জাতীয় রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি করবে।

২০০৭ সালের ৭ মার্চ গ্রেপ্তার হওয়ার পর অমানবিক নির্যাতনের শিকার হয়ে গুরুতর অসুস্থ হন তারেক রহমান। ২০০৮ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান এবং সেখানেই দীর্ঘ নির্বাসিত জীবন কাটান। এ সময়ে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন পরিচালনা করেন।

২৫ ডিসেম্বরের এই প্রত্যাবর্তনকে বিএনপি নেতাকর্মীরা গণমানুষের প্রত্যাশা পূরণের সূচনা হিসেবে দেখছেন। তাদের আশা, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতার নতুন অধ্যায় শুরু হবে।