বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

তারেক রহমানের ফ্লাইট থেকে দুই কেবিন ক্রু প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকা ফেরার ফ্লাইট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি দায়িত্বশীল সূত্র জানায়, লন্ডন থেকে ঢাকায় তারেক রহমানের ফেরার প্রেক্ষাপটে ভিআইপি যাত্রীর নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর তিনি ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে।

গোয়েন্দা প্রতিবেদনে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের ভিত্তিতেই তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে তাদের ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ রয়েছে, তারা নিয়মিতভাবে সাবেক সংসদ সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে ছিলেন।

তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি–২০২ ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ওই ফ্লাইটে তার পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও থাকবেন।

বিমান সূত্র জানায়, রাজনৈতিক সংশ্লিষ্টতার পাশাপাশি নিরাপত্তাজনিত সম্ভাব্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় এনে তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। পরবর্তীতে ওই ফ্লাইটে জুনিয়র পার্সার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে একই ধরনের সিদ্ধান্তের নজির রয়েছে। গত ২ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দুই কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।