বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শাহীন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় এ কে খন্দকার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় বিমানবাহিনীর শাহীন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি, সাবেক বিমানবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এ কে খন্দকার বীরউত্তম।

রবিবার (২১ ডিসেম্বর) ঢাকার বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেন। জানাজার আগে ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয় এবং জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব, প্রধান উপদেষ্টা, মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বিমান বাহিনীর একটি ফ্লাই পাস্টের মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়। জানাজার আগে তাঁর পুত্র জাফরুল করিম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্য দেন।

মহান মুক্তিযুদ্ধের উপ-সেনাপতি, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আব্দুল করিম খন্দকার, বীর উত্তম, পিএসএ শনিবার ইন্তেকাল করেছেন। তিনি ২০ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর ১১ মাস ২০ দিন। তিনি দুই পুত্র, এক কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৩০ সালের ১ জানুয়ারি পাবনায় জন্মগ্রহণ করা এ কে খন্দকার পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দিয়ে একজন দক্ষ ফাইটার পাইলট হিসেবে খ্যাতি অর্জন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যোগ দিয়ে তিনি মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ভারতের ডিমাপুরে প্রথম বাংলাদেশ বিমান বাহিনী গঠিত হয় এবং মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অভিযান পরিচালিত হয়। ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন।

স্বাধীনতার পর ১৯৭২ সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং মাত্র দুই বছরের মধ্যে বাহিনীকে সুসংগঠিত করে তুলেন। একই সময়ে তিনি বাংলাদেশ বিমানের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে অবসর গ্রহণের পর তিনি অস্ট্রেলিয়া ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার, রাষ্ট্রপতির উপদেষ্টা, সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১১ সালে তাঁকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। সম্প্রতি ২০২৫ সালের ১০ এপ্রিল তাঁর নামে বিমান বাহিনীর একটি ঘাঁটির নামকরণ করা হয়।

জাতির এই গর্বিত সন্তানকে হারিয়ে দেশ গভীরভাবে শোকাহত। তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।