বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

কবি নজরুলের কবরের পাশে সমাহিত শহীদ শরিফ ওসমান হাদি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে সেখানে দাফন করা হয়।

এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজার আগে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “হাদি নির্বাচনী প্রক্রিয়ার শিক্ষা দিয়ে গেছেন, যা আমাদের গ্রহণ করতে হবে। তিনি কোথাও হারিয়ে যাবেন না, বরং বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।”

ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন হাদির জীবনপঞ্জি পাঠ করেন এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বক্তব্য রাখেন।

জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের চারপাশে মানুষের ঢল নামে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে জনতার সমাবেশ ঘটে। এসময় শোক ও প্রতিবাদের মিশ্র পরিবেশ সৃষ্টি হয়। কেউ হাদির মৃত্যুতে অশ্রুসিক্ত হন, আবার কেউ ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং হত্যার বিচার দাবি করেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে মোটরসাইকেল থেকে গুলি করে হাদিকে আহত করা হয়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে আসে।

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় ছিলেন হাদি। তার জানাজায় বিএনপি, জামায়াতে ইসলাম, এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

শহীদ শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সরকার।