জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদির নামাজে জানাজা শনিবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
শরীফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুর পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। ইসলামিক ফাউন্ডেশন দেশের সকল মসজিদে শুক্রবার বাদ জুমা বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শহীদ হাদিকে কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে।
শুক্রবার তাদের ফেসবুক পেজে জানানো হয়, ‘শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন।
পোস্টে আরো বলা হয়, ‘পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।’
ফেসবুক পেজের পোস্টে বলা হয়, ‘ছাত্র-জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে। একইসঙ্গে সহিংসতা করার সুযোগও না পায়।
মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না। সবার নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।’
জাতিসংঘ মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক এক বিবৃতিতে হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান।
শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান। ঢাকা মেডিকেল কলেজ ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৫৮৫-এ তার মরদেহ দেশে পৌঁছায়। মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স বিমানবন্দর থেকে হিমঘরে নেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, এএফবি ও পুলিশ মোতায়েন করা হয়।
আগামীকাল জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে।
শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় আগতদের জন্য ডিএমপির ট্রাফিক নির্দেশনা
শনিবার ২০ ডিসেম্বর বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির নামাজে জানাজা উপলক্ষে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
বর্ণিত সময়ে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার (২০ ডিসেম্বর) নগরবাসীকে নিম্নবর্ণিত ট্রাফিক নির্দেশনা অনুসরণের জন্য অনুরোধ করা হলো।
বিকল্প সড়ক সমূহ:
১। মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউগামী যানবাহন মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট, সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।
২। ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ ভায়া ইন্দিরা রোডগামী যানবাহন ফার্মগেট থেকে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।
৩। ধানমন্ডি থেকে ফার্মগেটগামী যানবাহন ধানমন্ডি ২৭ থেকে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমনাগমন করবে।
৪। আসাদগেট হতে ফার্মগেট ক্রসিংগামী যানবাহন আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে গমন করবে।
৫। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইন্দিরা রোড থেকে ধানমন্ডিগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।
৬। মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭-গামী যানাবাহন মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড থেকে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট থেকে সোজা ধানমন্ডি ২৭-এর দিকে গমনাগমন করবে।
৭। এলিভেটেড এক্সপ্রেসওয়েগামী যানবাহন সমূহকে জানাজা নামাজ চলাকালীন ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
সকল যানবাহন চালকদের আগামী ২০ ডিসেম্বর সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত মানিক মিয়া এভিনিউ এলাকা পরিহার করে উল্লিখিত নির্দেশনা মোতাবেক চলাচলের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: নিরাপত্তার স্বার্থে ও বিড়ম্বনা এড়াতে জানাজায় আগত সর্বসাধারণকে কোন প্রকার ব্যাগ বা ভারী জিনিসপত্র বহন না করার অনুরোধ করা হয়েছে।
সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সম্মানিত নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।




