বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে একদল লোক হামলা চালায়। এ সময় তারা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগে আন্দোলনরতরা কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। পরে তারা ডেইলি স্টার অফিসে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের ভেতরে থাকা সংবাদকর্মীরা ছাদে আশ্রয় নেন এবং অনেকেই সেখানে আটকা পড়েন।

ডেইলি স্টারের এক সংবাদকর্মী ফোনে গণমাধ্যমকে জানান, অফিসে আগুন লাগানো হয়েছে এবং তারা সবাই ছাদে আশ্রয় নিয়েছেন। সাংবাদিক জাইমা ইসলাম ফেসবুকে লিখেছেন, “আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি।”
গণমাধ্যমটির আরেক সাংবাদিক আহমেদ দিপ্ত ফেসবুকে একটি ভিডিও আপলোড করে লেখেন, “এমন লেট নাইট ডিউটি যেন কারও জীবনে না আসে। ছাদে আটকা পড়ছি, মাফ কইরা দিয়েন।”

রাত ১২টা ৫৮ মিনিটে সেনাবাহিনী আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা শুরু করে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ভবনের ছাদে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালান। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। বর্তমানে কাওরান বাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।