বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

প্রথম আলো অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজধানীর কাওরান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে একদল লোক হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শাহবাগ থেকে একটি মিছিল কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। পুলিশ সদস্যরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।

একপর্যায়ে বিক্ষুব্ধরা লাঠিসোঁটা নিয়ে কার্যালয়ে ভাঙচুর শুরু করে। এতে ভবনের বেশিরভাগ জানালার গ্লাস ভেঙে যায়। রাত ১২টার দিকে বিক্ষোভকারীদের একটি অংশ ভবনের ভেতরে প্রবেশ করে টেবিল-চেয়ার ও গুরুত্বপূর্ণ নথিপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, হামলার পরও কার্যালয়ের ভেতরে অনেক সংবাদকর্মী ও কর্মকর্তা আটকা পড়ে আছেন। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিক্ষোভকারীদের ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবীর’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগানও দেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।