বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ভারত-বাংলাদেশ সম্পর্ক হঠাৎ অস্বস্তিকর পরিস্থিতিতে

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হঠাৎ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। ঢাকায় ভারতবিরোধী বিক্ষোভ, সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ এবং ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। নয়াদিল্লি ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, অন্যদিকে ঢাকা সীমান্তে হত্যাকাণ্ড বন্ধের দাবি জোরালো করছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। বাংলাদেশ ‘গুড টু ওয়ার্কিং রিলেশন’ চাইলেও সম্পর্ক এগোয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, সম্পর্ক দুপক্ষ থেকেই এগোনোর চেষ্টা করতে হবে, তবে এখনো তা হয়নি।

সম্প্রতি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ। এই পাল্টাপাল্টি তলব দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার নিরাপত্তা পরিবেশের অবনতিতে তারা উদ্বিগ্ন এবং চরমপন্থি উপাদানগুলোর মিথ্যা বর্ণনা প্রত্যাখ্যান করছে।

এদিকে ঢাকায় ‘জুলাই ঐক্য’র ডাকে ভারতীয় হাইকমিশনমুখী মিছিল পুলিশ আটকে দেয়। বিক্ষোভকারীরা বসে স্লোগান দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে যানজট সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ভারত সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে এবং তাদের ফেরত দিতে হবে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের সাম্প্রতিক বিবৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে তা নিয়ে প্রতিবেশীদের নসিহত গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, অতীতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও প্রহসনমূলক নির্বাচনের সময় তারা কোনো মন্তব্য করেনি। এখন ভালো নির্বাচনের পরিবেশ তৈরি করতে গেলে ভারতের উপদেশ অগ্রহণযোগ্য।

শেখ হাসিনার বক্তব্য নিয়েও তিনি সমালোচনা করেন। তাঁর মতে, ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। তিনি চান ভারত এ বিষয়ে পদক্ষেপ নিক।

বাংলাদেশের বিজয় দিবসে নরেন্দ্র মোদির বার্তা নিয়ে প্রশ্ন করলে তৌহিদ হোসেন বলেন, ভারত সব সময় মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে। কলকাতায় এ দিনটিকে ‘ইস্টার্ন কমান্ড দিবস’ হিসেবে পালন করে। তারা মনে করে, যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। এটা সত্য পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে। এখানে মুক্তিযোদ্ধাদের অবদান যারা অস্বীকার করেন, সামরিক ইতিহাস বা সামরিক বিজ্ঞান সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত এই বিজয় অর্জন করতে পারত না।

অন্যদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার চিন্তা অবাস্তব। ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশের সঙ্গে এমন আচরণ করলে ভারত চুপ করে থাকবে না।

সব মিলিয়ে সীমান্ত পরিস্থিতি, রাজনৈতিক বক্তব্য ও নিরাপত্তা সংকট দুই দেশের সম্পর্ককে অস্বস্তিকর অবস্থায় নিয়ে গেছে। উভয় পক্ষের কূটনৈতিক পদক্ষেপে উত্তেজনা প্রশমিত হবে নাকি আরও বাড়বে, তা এখনো অনিশ্চিত।