বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুধবার (১৭ ডিসেম্বর) তাঁকে দেখতে যান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান।

পরবর্তীতে রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করে হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এসময় তিনি জানান, শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

এদিকে প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলা হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মৃত্যুর সংবাদ বলে গণ্য করে ভুল বার্তা দেয়। এর প্রেক্ষিতে ছড়িয়ে পড়া হাদির মৃত্যুর সংবাদ সত্য নয় বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে এই তথ্য দেওয়া হয়েছে।

বিবৃতিতে ওসমান হাদির শারীরিক অবস্থার সর্বশেষ আপডেটে বলা হয়েছে, ‘ওসমান হাদি ভাইয়ের অবস্থা সংকটাপন্ন। কিন্তু তার মৃত্যুর যেই সংবাদ শোনানো হচ্ছে সেটা সত্য নয়।’

হাদির পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। দোয়া চেয়ে বলা হয়েছে, আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন।