দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর গুলশানে বাসা, অফিস ও নিরাপত্তা ব্যবস্থাসহ সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার পাশের ১৯৬ নম্বর বাসায় উঠবেন। এ ছাড়া গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তাঁর জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য নতুন চেম্বার প্রস্তুত করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি বাড়িতে নতুন নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন এসব তথ্য জানান। তিনি বলেন, এই কার্যালয় থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম পরিচালনা করা হবে। চারতলা ভবনটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। দোতলায় ব্রিফিং রুম, অন্যান্য তলায় বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বসার ব্যবস্থা এবং একটি গবেষণা সেল রাখা হয়েছে।
এর আগে সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ সভায় তারেক রহমানকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের নেতার অপেক্ষায় আছে দেশবাসী। সেদিন দলের সর্বস্তরের নেতাকর্মীরা সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবেন।”
তারেক রহমানের বাসভবন হিসেবে নির্ধারিত গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিল। কয়েক মাস আগে বাড়িটির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে বাড়ির নিরাপত্তা ছাউনি, সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, “আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঢাকার মাটিতে পা রাখবেন। দেশের মানুষ যেমন প্রত্যাশা করছে, আমরা বিশ্বাস করি, তিনি হারানো গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন।”
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শুরু হয়েছে ১৬ ডিসেম্বর এবং চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া প্রভৃতি ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন।
ড. মাহাদী আমিন বলেন, “এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো দেশ গড়ার মহাপরিকল্পনায় জনগণকে সম্পৃক্ত করা। তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষ যেন নিজেদের ভাবনা সৃজনশীল কন্টেন্ট আকারে তুলে ধরতে পারে।”
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সাইমন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।




