বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় মামলা, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ঢাকার বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাতে হাদির এক আত্মীয় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে, ওসমান হাদিকে হত্যাচেষ্টায় করা মামলাটি ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসেবে একজনের নাম দেওয়া হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানার দায়েরকৃত একটি মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি ডিবি মতিঝিল বিভাগ তদন্ত করবেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া জানান, গতকাল রাতে ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা (মামলা নং-১৯) হয়। মামলাটি আজ ডিবি মতিঝিল বিভাগে হস্তান্তর করা হয়েছে। মামলায় একজনকে আসামি করে হয়েছে।

গত শুক্রবার দুপুরে পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

হাদির মস্তিষ্কে গুলিবিদ্ধ অংশ ছাড়া অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ এখনো নিয়ন্ত্রণযোগ্য অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতাল যৌথভাবে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, হাদির বিদেশে চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে।

এ ঘটনায় র‍্যাব ও ঢাকা মহানগর পুলিশ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, মানব পাচার চক্রের দুই সহযোগী, সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার ভাই ওয়াহিদ আহমেদ, প্রেমিকা মারিয়া আক্তার লিমা এবং সহযোগী কবির। আদালত সামিয়া, ওয়াহিদ ও মারিয়ার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পল্টন থানায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে গুরুতর আঘাত এবং দুষ্কর্মে সহায়তার অভিযোগ আনা হয়েছে।