বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কাজ করার আহ্বান প্রধান বিচারপতির

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল বিচারককে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, “প্রভুভক্ত চেতনা থেকে বের হতে হবে। মানুষকে হয়রানি করা বন্ধ না করলে বিচারবিভাগ একসময় অপ্রাসঙ্গিক হয়ে যাবে।”

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত বিদায়ী অভিভাষণে দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ কখনো পূর্ণ স্বাধীনতার স্বাদ পায়নি। লোকবল সংকট থাকা সত্ত্বেও বিচারকরা যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন, তা অবিশ্বাস্য। অসৎ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি সতর্ক করে বলেন, অন্তরে ভয় থাকলে বিচারক হওয়া উচিত নয়। কোনো বিশেষ পদধারীর চাপে ভীত না হয়ে বিচারককে দায়িত্ব পালন করতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুনীতি ও সুবিবেচনা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অভিভাষণে তিনি বিচারকদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধির আহ্বান জানান। সমাজ, সংস্কৃতি, ইতিহাস, অর্থনীতি, রাষ্ট্রচিন্তা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশ বিজ্ঞান ও সাইবার নিরাপত্তা বিষয়ে জ্ঞান অর্জনের পরামর্শ দেন। তাঁর মতে, বিচারকদের অভিমত রাষ্ট্র ও ইতিহাসের গতিপথ নির্ধারণে অসামান্য ভূমিকা রাখে।

প্রধান বিচারপতি বলেন, পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পদলেহন পরিহার করে জনগণের জন্য সংক্ষিপ্ত সময়ে সুবিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আইন বৃহত্তর রাজনীতির অংশ হলেও বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে।

আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাওয়ার আগে এটিই ছিল তাঁর সর্বশেষ অভিভাষণ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এ অভিভাষণে আপিল বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ দেশের সব জেলা ও মহানগর আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন।