বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত হচ্ছে বাসভবন-কার্যালয়

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর নির্বাসন শেষে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। এ উপলক্ষে তার বাসভবন ও দলীয় কার্যালয়ে সংস্কার ও নিরাপত্তা জোরদারের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির দেয়াল নতুন করে সাদা রঙ করা হয়েছে। চারপাশে কাঁটাতারের বেড়া স্থাপন করা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স স্থাপনের কাজও প্রায় শেষ। পুরোনো ছোট গেটের পরিবর্তে বড় গেট বসানো হয়েছে। ভেতরে কিছু সংস্কারকাজ এখনো চলমান রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বাড়িটি প্রায় প্রস্তুত। তবে কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে তারেক রহমান পাশের ফিরোজায় উঠবেন। তিনি আরও জানান, দেশে ফিরে তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করবেন। গুলশানের ৮৬ নম্বর রোডে অবস্থিত ওই কার্যালয়ে নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিপুল জনসমাগমের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আতিকুর রহমান রুমন। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন। তাদের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র জানিয়েছে, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় তিনি ঢাকার মাটিতে পা রাখতে পারেন। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি।