বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশী শান্তিরক্ষী নিহত, আহত ৮

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘের ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। বার্তায় জানানো হয়, সন্ত্রাসীদের আকস্মিক আক্রমণে ইউএন ঘাঁটিতে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনারা হতাহতের শিকার হন।

আইএসপিআর জানিয়েছে, হামলার পরও এলাকায় যুদ্ধ চলমান রয়েছে। নিহত ও আহত সেনাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। আহত শান্তিরক্ষীদের দ্রুত চিকিৎসার জন্য নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত শান্তিরক্ষী মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বিকেলে জাতিসংঘের একটি ভবনে ভয়াবহ ড্রোন হামলা চালায় আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এ ঘটনায় দেশটির সরকার তীব্র নিন্দা জানিয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালনের সময় ছয়জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং আটজনের আহত হওয়ার সংবাদে তিনি গভীরভাবে মর্মাহত। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন। ইউনূস বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের বর্বর হামলায় ছয়জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং তিনজন নারী সেনাসদস্যসহ আটজনের আহত হওয়ার খবরে তিনি গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, সাহস ও আত্মত্যাগ সবসময় তাকে অনুপ্রাণিত করেছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এই হামলায় নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এবারের এই হামলা শান্তিরক্ষী বাহিনীর জন্য বড় ধরনের ক্ষতি বয়ে আনল।