বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে রাত ৯টায় তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসিত জীবন কাটানোর পর কোটি মানুষের প্রিয় নেতা তারেক রহমান ঢাকার মাটিতে পা রাখবেন। দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র উত্তরণের নেতৃত্ব দিয়ে তারেক রহমান ইতোমধ্যে সাফল্যের পরিচয় দিয়েছেন। তাঁর দেশে আগমন গণতন্ত্রের পথে যেসব বাধা ছিল তা দূর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তপসিল ঘোষণার মধ্য দিয়ে সেই প্রক্রিয়া শুরু হয়েছে এবং মানুষের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

২০০৮ সাল থেকে লন্ডনে বসবাসরত তারেক রহমান ২০০৯ সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। ২০১৮ সালে তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান। তখন থেকেই তিনি বিদেশ থেকে দল পরিচালনা করছেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তারেক রহমান পাঁচটি মামলায় দণ্ডিত হন এবং প্রায় ১০০টি মামলার মুখোমুখি হন। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর সাজা বাতিল ও কিছু মামলায় অব্যাহতি পান। এরপর থেকেই তাঁর দেশে ফেরার আলোচনা শুরু হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় তারেক রহমান দেশে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, রাজনৈতিক বাস্তবতা অনুকূল হলেই তাঁর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।