বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী দেশের ৩০০ আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে। আপিল দায়েরের শেষ দিন ১১ জানুয়ারি, নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি।

সিইসি জানান, নির্বাচনী প্রচারণা চলবে ২২ জানুয়ারি থেকে ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ভোটারদের উদ্দেশে সিইসি বলেন, ভোট শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। তিনি ভোটারদের ভয়ভীতি, প্রলোভন ও প্রবঞ্চনার ঊর্ধ্বে উঠে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। প্রতিবন্ধী, বয়স্ক ও সন্তানসম্ভবা মা-সহ সবাইকে নিয়ে ভোট দিতে আসার আহ্বান জানান তিনি।

প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম চলছে, যা ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রবাসীসহ দেশের ভেতরের তিন ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করে সিইসি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য তথ্য ও অপতথ্যের বিস্তার বেড়ে চলেছে। প্রতিপক্ষকে হেয় করা ও নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা বন্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে ভোটারদের আস্থা অর্জনই হওয়া উচিত তাদের লক্ষ্য।