বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চয়তায় পড়েছে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয়। শুক্রবার (৫ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত বিমান আসতে পারেনি। সব ঠিক থাকলে শনিবার বিকল্প এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাবে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে রবিবার তাঁকে লন্ডনে নেওয়া হবে।
কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে ভাড়া করা হয়েছে বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ এয়ার অ্যাম্বুলেন্স, যা পরিচালনা করছে এফএআই এভিয়েশন গ্রুপ। দীর্ঘপাল্লার এই বিমান আন্তর্জাতিক চিকিৎসা ফ্লাইটের জন্য উপযোগী।
এদিকে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, বড় বোন শাহিনা খান জামান, জামাতা অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামানসহ বিএনপির নেতারা।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, ‘ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে ফিরেই সরাসরি এভারকেয়ারে আসেন। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শয্যার পাশে ছিলেন, ডাক্তারদের সঙ্গে সর্বশেষ অবস্থা নিয়ে মিটিংও করেছেন। এরপর ধানমণ্ডিতে বাবার (প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান) বাসা মাহবুব ভবনে আসেন। এখানে উনার মা সৈয়দা ইকবাল মান্দ বানু রয়েছেন। ধানমণ্ডিতে মায়ের সঙ্গে দেখা করে রাতে আবার এভারকেয়ার হাসপাতালে আসেন জুবাইদা রহমান।’
খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। শুক্রবার তাঁর এন্ডোসকপি সম্পন্ন হয় এবং পাকস্থলির অভ্যন্তরীণ রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা হয়েছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। সর্বশেষ শারীরিক পরিস্থিতি জানিয়ে সন্ধ্যায় অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘নতুন করে বলার কিছু নেই। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন সিসিইউতে নিবিড়ভাবে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন।’
চিকিৎসকরা জানিয়েছেন, বিদেশ যাত্রার সিদ্ধান্ত সম্পূর্ণ নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর।
এই বিলম্বে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগ বেড়েছে। তবে বিএনপি নেতারা আশাবাদী, দ্রুত সমস্যার সমাধান হবে এবং তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে পারবেন।
শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে তাঁর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বঙ্গভবনের মসজিদগুলোতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। বিএনপির পক্ষ থেকেও দেশের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন, এজন্য দল-মত নির্বিশেষে সবাই দোয়া করছেন।




