আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে দেশের জন্য ‘শত বছরের ভিত্তি নির্মাণের সুযোগ’ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পুলিশ কর্মকর্তাদের প্রতি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় দেশের ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “ভূমিকম্প হলে আমরা বিল্ডিং কোড মানা হয়েছে কি না তার কথা বলি। এই নির্বাচন আমাদের সমাজের জন্য সেই বিল্ডিং কোড তৈরি করার সুযোগ। এমন একটি কোড তৈরি করতে হবে, যা যত বড় ঝাঁকুনিই আসুক, নড়বে না।” তিনি আরও বলেন, জীবনের শেষে যখন আমরা ভাবব কী করেছি, তখন এই দায়িত্ব পালনের বিষয়টি প্রথমে আসা উচিত।
তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচন শুধু পাঁচ বছরের প্রচলিত নির্বাচন নয়, বরং জাতীয় নির্বাচনের পাশাপাশি একটি গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটকে তিনি আরও বড় বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা যে বিল্ডিং কোড স্থাপন করব, সেটাই আগামী একশ বছর জাতিকে পথ দেখাবে।”
পুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে এসপিদের পদায়নে দৈবচয়ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে বলেও জানান তিনি। দেশের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্তকে সহজভাবে গ্রহণ করার আহ্বান জানান। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং পুলিশের আইজিপি বাহারুল আলম উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ জন্ম নেবে। তিনি বলেন, “আমাদের কাজ হবে ধাত্রীদের মতো—একটি নতুন জাতির জন্ম দিতে সহায়তা করা।” তিনি আরও যোগ করেন, এই নির্বাচন বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ত্রুটি খুঁজতে চাইবে, কিন্তু আমরা এমন একটি স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেব, যা তারা উদাহরণ হিসেবে বহন করবে।
তিনি জোর দিয়ে বলেন, এটি গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের স্বপ্ন পূরণের মাধ্যম হবে এই নির্বাচন। ফেব্রুয়ারির নির্বাচনের আগ পর্যন্ত প্রতিদিন দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “একটি সুন্দর, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রতিদিন ভাবতে হবে—আজ আমার করণীয় কী—এবং সেটি সম্পন্ন করতে হবে।” সেবার মান বাড়াতে ও কর্মসম্পাদনে সৃজনশীলতা দেখাতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি ঘোষণা করেন, সেরা কর্মসম্পাদনকারী কর্মকর্তাকে বিশেষ পুরস্কার দেওয়া হবে।
অনুমোদন পেল পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫
এদিকে একই দিনে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে ‘পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫’ অনুমোদন দেওয়া হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের বিস্তারিত জানান।
তিনি বলেন, নতুন অধ্যাদেশের মাধ্যমে পাঁচ সদস্যবিশিষ্ট পুলিশ কমিশন গঠন করা হবে। এ কমিশনের দায়িত্ব হবে পুলিশকে জনবান্ধব করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং বাহিনীকে আধুনিকায়ন করা। কমিশনের প্রধান থাকবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। সদস্য হিসেবে থাকবেন একজন অবসরপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট (গ্রেড-১ এর নিচে নয়), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মানবাধিকার ও সুশাসন বিষয়ে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কমিশন পুলিশকে প্রভাবমুক্তভাবে কাজ করার জন্য করণীয় বিষয়ে সরকারকে সুপারিশ করবে। পাশাপাশি মানবাধিকার সংবেদনশীলতা বাড়াতে কোথায় আধুনিকায়ন দরকার, কী ধরনের প্রশিক্ষণ প্রয়োজন, সেগুলোও চিহ্নিত করবে। এছাড়া নাগরিকদের অভিযোগ তদন্ত ও নিষ্পত্তি করা এবং পুলিশ সদস্যদের পেশাগত অভিযোগ নিষ্পত্তি করাও কমিশনের দায়িত্ব হবে।
কমিশন গঠন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, একটি সার্চ কমিটির মাধ্যমে কমিশনের নাম প্রস্তাব করা হবে। সার্চ কমিটিতে থাকবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব এবং জাতীয় সংসদের দু’জন প্রতিনিধি।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার আহ্বান ও নতুন পুলিশ কমিশন অধ্যাদেশকে কেন্দ্র করে আসন্ন নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে পুলিশ বাহিনীর ভূমিকা এবার হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।




