বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বিদেশে নেওয়ার জন্য কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার যাত্রা হবে। তবে অ্যাম্বুলেন্সে ‘কারিগরি সমস্যা’ দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হতে পারে বলে জানা গেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জানান, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা অপরিবর্তিত। অর্থাৎ, আগে যা ছিল, সে অবস্থাতেই আছেন।’ তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে “টেকনিক্যাল সমস্যা”র কথা জানিয়েছে কাতার। তারা বিকল্প কিছু করার চিন্তা করছে। সেটা তারা আমাদের জানাবে। সে ক্ষেত্রে ভোরে যাত্রা হচ্ছে না, এটি দিনের যেকোনো সময়ে হতে পারে।’

এর আগে দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী সবকিছু ঠিক থাকলে আজ মধ্যরাতে অথবা আগামীকাল সকালে খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হবে। তিনি বলেন, বিমানে যাত্রাপথে যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় দেশি-বিদেশি চিকিৎসকরা তার সঙ্গে থাকবেন।

ডা. জাহিদ দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার পরিবারও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান যুক্তরাজ্য থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। শাশুড়ির সঙ্গে একই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে ফিরতে পারেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত তালিকা অনুযায়ী, চিকিৎসকসহ মোট ১৪ জনের একটি দল খালেদা জিয়ার সফরসঙ্গী হবেন।

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ নানা সমস্যায় ভুগছেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষা করতে গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।