বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা, তালিকায় রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরও ৩৬ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর আগে দলটি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল। ফলে ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করা হলো।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন প্রার্থীদের নাম ঘোষণা করেন।

নতুন তালিকায় সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছেন। তবে রুমিন ফারহানা এবার প্রার্থী তালিকায় নেই। তার জেলার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি দলটি।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছিল। সে সময় মাদারীপুর-২ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়। এবার নতুন তালিকায় ওই আসনে প্রার্থী পরিবর্তন করেছে দলটি।

ঘোষিত আসনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-৯ আসনে হাবিবুর রহমান, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, সিলেট-৪ আসনে আরিফুল হক চৌধুরী এবং চট্টগ্রাম-৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

এ ছাড়া ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১ ও ৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, সুনামগঞ্জ-২ ও ৪, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ এবং কক্সবাজার-২ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব আসনে এখনও প্রার্থী ঘোষণা হয়নি, সেগুলো যুগপৎ আন্দোলনের অংশীদার দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।

এর আগে গত ৩ নভেম্বর বিএনপি তিনটি আসনে খালেদা জিয়ার নামসহ ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল।