বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিলেন তিন বাহিনীর প্রধান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান। মঙ্গলবার রাত ৯টার দিকে তারা হাসপাতালে পৌঁছান এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে তাঁর চিকিৎসাসংক্রান্ত সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা করেন। প্রায় ২০ মিনিট অবস্থান শেষে রাত ৯টা ২০ মিনিটে তারা হাসপাতাল ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

অন্যদিকে আইএসপিআর জানিয়েছে, সেনা, নৌ ও বিমানবাহিনীর তিন প্রধান মঙ্গলবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান।

শারীরিক অবস্থার অবনতি হলে ২৩ নভেম্বর রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তাঁকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে।

লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জেনে নিচ্ছেন। এদিকে হাসপাতালে তাঁর পাশে রয়েছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।