রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের ডাকে মাঝে মাঝে সাড়া দিচ্ছেন তিনি। এর আগে, শনিবার সকালে তিনি পুত্রবধূ শামিলা রহমানের সঙ্গে সামান্য কথা বলেছেন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তার সার্বক্ষণিক চিকিৎসা তত্ত্বাবধান করছে। চিকিৎসকরা আশা করছেন, সামনে তার শারীরিক অবস্থা আরও ভালো হবে।
সূত্র জানায়, স্বাস্থ্য পরিস্থিতির খুব বেশি উন্নতি না হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন খালেদা জিয়া। হাসপাতালের চিকিৎসক সূত্র জানিয়েছে, নিবিড় পর্যবেক্ষণের মধ্যে থাকা খালেদা জিয়া ডাক শুনে মাঝেমধ্যে সাড়া দিচ্ছেন। আগের তিন দিনের চেয়ে এটিকে ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।
রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেখানে চিকিৎসকরা সার্বক্ষণিক তাঁর চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। চিকিৎসকদের কাছ থেকে আমি শুনেছি যে, উনার শারীরিক অবস্থা অবনতিশীল হয়নি। তাই বলে খুব একটা উন্নতি হয়েছে এ রকমও আমরা খবর পাইনি। তার মানে উনার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’
আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, ‘আমরা মনে করি, দ্রুতই তিনি সেরে উঠবেন। তিনি আরোগ্য লাভ করবেন, সুস্থ হয়ে উঠবেন—এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা। মানুষের এই প্রত্যাশার সঙ্গে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির নেতাকর্মী আমাদেরও একই প্রত্যাশা। প্রত্যাশা করি, আল্লাহ তাঁকে দ্রুত সুস্থ করে তুলবেন।’
এদিকে খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। তিনি প্রতি মুহূর্তে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং চিকিৎসার সবকিছু সমন্বয় করছেন বলে জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, ‘মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তারেক রহমান উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি, প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তিনি কথা বলছেন খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে।’
এর আগে চলতি বছরের শুরুতে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়ে এসেছিলেন খালেদা জিয়া। সেখানকার চিকিৎসকদের সঙ্গেও যোগাযোগ করছেন তারেক রহমান জানিয়ে রিজভী বলেন, ‘লন্ডন ক্লিনিকের ডাক্তার যাঁরা রয়েছেন, ইংল্যান্ডের সেই হাসপাতালে ম্যাডাম চিকিৎসা নিয়েছেন, তাঁদের সঙ্গে তিনি (তারেক রহমান) যোগাযোগ করছেন, কথা বলছেন এবং প্রতিনিয়ত এখানে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গেও কথা বলছেন।’
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় রাজধানীসহ দেশে ও দেশের বাহিরে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি, ছাত্রদল, পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এসব আয়োজন করছে। ঢাকার মসজিদ-মন্দিরেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। তার সুস্থতার জন্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, খালেদা জিয়া আগের চেয়ে কিছুটা ভালোর দিকে আছেন।
এদিকে এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিএনপি নেতৃবৃন্দসহ অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন।
দ্রুত আরোগ্য কামনায় ঢাকার বহু প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রদল, পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন কমিউনিটি সংগঠন ও পঞ্চগড় জেলা এনসিপি দোয়া-মোনাজাত ও প্রার্থনার আয়োজন করেছে।
বিএনপি চেয়ারপারসনের শারীরিক পরিস্থিতির প্রেক্ষিতে বিজয় দিবস উপলক্ষে ঘোষিত ‘বিজয় মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। রিজভী জানান, খালেদা জিয়ার অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নেতাকর্মীরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।




