বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

তারেক রহমানের দেশে ফেরা: নিরাপত্তা উদ্বেগ, সরকারের বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার মধ্যে লন্ডনে থাকা তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। শনিবার (২৯ নভেম্বর) সকালে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, দেশে ফেরা এখন তাঁর একক সিদ্ধান্তের বিষয় নয় এবং এটি ‘একক নিয়ন্ত্রণাধীনও নয়’।

তারেক রহমান লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দল-মত নির্বিশেষে দেশের সর্বস্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর রোগমুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার সর্বতো সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।’

তিনি লেখেন, ‘দেশ-বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাঁদের উচ্চমানের পেশাদারি ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধুপ্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, ‘সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি।’

ফেসবুক পোস্টে তারেক রহমান বলেছেন, ‘এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সংকট সম্পর্কে কী ইঙ্গিত করেছেন, তা নিয়ে সারাদিন দেশে ও দেশের বাহিরে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা-উদ্বেগের সৃষ্টি করেছে।

তবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধি নিষেধ বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত করা হয়েছে যে, তাঁর দেশে ফেরা এখন আর একক সিদ্ধান্তের বিষয় নয়। এই প্রসঙ্গ তুলে ধরে এ বিষয়ে তিনি সরকারের অবস্থান স্পষ্ট করেন এবং জানান, তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনে সরকারের কোনো বিধি নিষেধ বা আপত্তি নেই।

প্রেস সচিব আরও জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

অন্যদিকে, নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ থাকার বিষয়ে বিভিন্ন সময়ে ঘরোয়াভাবে আলোচনা হলেও সম্প্রতি অস্ট্রেলিয়ার কয়েকজন সংসদ সদস্য তারেক রহমানের দেশে ফেরা ও নির্বাচনী প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তারা মনে করেন, রাজনৈতিক উত্তেজনা ও অতীত অভিজ্ঞতা বিবেচনায় সব রাজনৈতিক নেতার নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক।

অস্ট্রেলীয় এমপিরা বলেন, ভোটাধিকার ও মানবাধিকার রক্ষার জন্য দেশের সব প্রার্থীর জন্য নিরাপদ নির্বাচন পরিবেশ তৈরি করা জরুরি। এই সমর্থন পাওয়ার পর তারেক রহমান বিদেশি সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

তারেক রহমানের দেশে ফেরা, নিরাপত্তা বিষয়ক উদ্বেগ এবং সরকারের অবস্থান আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের রাজনীতিতে নজরকাড়া প্রভাব ফেলেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, বিরোধী নেতাদের নিরাপত্তা এবং নিরাপদ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তা বিষয়গুলো আন্তর্জাতিক নজরদারিতে এসেছে।