ফুসফুস ও হৃদ্যন্ত্রে সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হাসপাতালে তাঁর চিকিৎসার খবর নিতে দিনভর বিএনপি নেতারা ছাড়াও রাতেও দলীয় নেতা–কর্মী, সমর্থক ও গণমাধ্যমকর্মীদের ভিড় দেখা গেছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণা; তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান উপদেষ্টার এই মানবিক বিবৃতি স্বাগত জানিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেইসবুক পেজে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের সৌজন্য ও মানবিকতা বিএনপি নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছে।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতারা সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন। রাত ১১টা ৩৮ মিনিটে হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি প্রায় আধঘণ্টা হাসপাতালে অবস্থান শেষে বেরিয়ে যান।
রাত ১২টার পর হাসপাতালের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা করছে। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং চিকিৎসার সব প্যারামিটার গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে জানান, দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। চিকিৎসকদের মতে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রায় ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। গত রবিবার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তাঁর ফুসফুস ও হৃদ্যন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে।
উন্নত চিকিৎসার জন্য তিনি গত ৭ জানুয়ারি লন্ডনে যান এবং সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পরও শারীরিক জটিলতার কারণে তাঁকে একাধিকবার হাসপাতালে যেতে হয়েছে।
বর্তমানে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার পাশে থাকার চেষ্টা করছেন দলীয় নেতা–কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশব্যাপী দোয়া মাহফিলও অনুষ্ঠিত হচ্ছে।




