বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনবহুল শহর: জাতিসংঘ প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকা এখন বিশ্বের জনবহুল শহরের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় বর্তমানে ৩ কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করছে। শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবাস করছে।

বুধবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার জনসংখ্যা বৃদ্ধির হার ধীরে ধীরে বাড়ছে। এই গতিতে চললে ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি এশিয়ায় অবস্থিত। শীর্ষ দশের মধ্যে নয়টি শহরই এশিয়ায়। ঢাকা ও জাকার্তার পর তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও (৩ কোটি ৩৪ লাখ)। অন্যান্য শীর্ষ দশের শহরগুলো হলো: ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ) এবং মিশরের কায়রো (৩ কোটি ২০ লাখ)। কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর যেটি শীর্ষ দশ শহরের মধ্যে রয়েছে।

প্রতিবেদনে ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, কাজের সুযোগ বা জীবনযাত্রার মানোন্নয়নের খোঁজে প্রত্যন্ত এলাকা থেকে মানুষ ঢাকায় আসছে। এছাড়া বন্যা, সমুদ্রস্তর বৃদ্ধির ঝুঁকি এবং শহরের পরিধির সম্প্রসারণও এই বৃদ্ধিকে ত্বরান্বিত করছে।

জাতিসংঘের প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে ঢাকার উপর নগরপরিকাঠামো ও পরিবেশগত চাপ বৃদ্ধি পাবে।

ঢাকা এখন বিশ্বের মেগাসিটির মধ্যে দ্রুততম হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকা শহরগুলোর অন্যতম।