বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন পুনর্গঠনে তৎপর সরকার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই ঘোষণার পরই নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসন পুনর্গঠনের উদ্যোগ জোরদার করেছে সরকার। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে লটারির মাধ্যমে নতুন নিয়োগ, বদলি ও পদায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।

লটারির মাধ্যমে দেশের ৬৪টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হয়েছে। এর মধ্যে ১৩টি জেলায় বর্তমান এসপিদের প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

আগে থেকে দায়িত্ব পালনকারী চার নারী এসপিরও জেলায় পরিবর্তন হয়েছে। আইন–শৃঙ্খলা পরিস্থিতির ভিত্তিতে তিন ক্যাটাগরিতে জেলা ভাগ করে এসপি পদায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রথম ধাপে দেশের ১৬৬ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাত বিভাগের ৮টি প্রজ্ঞাপনে এসব ইউএনও নিয়োগ দেওয়া হয়।
নতুন ইউএনওদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে তাঁদের কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে; অন্যথায় তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

এর আগে ৫১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে, যাঁরা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। তবে বিগত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্বপালনকারী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর, ওএসডি অথবা কম গুরুত্বপূর্ণ জায়গায় পদায়নের অভিজ্ঞতা থাকায় প্রশাসনের নবীন অনেক কর্মকর্তার মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। তাঁদের মতে, নির্বাচন শেষে নতুন সরকার ক্ষমতায় এলে তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনে প্রভাব পড়তে পারে।

পুলিশ সদর দপ্তর ইতিমধ্যে সৎ, নিরপেক্ষ ও যোগ্য ইন্সপেক্টরদের তালিকা সংগ্রহ করেছে। শিগগিরই লটারির মাধ্যমে দেশের বিভিন্ন থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হবে।

পুলিশের ৩৩ কর্মকর্তাকে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

হবিগঞ্জ, শরীয়তপুর, জয়পুরহাট ও বরিশালে চার নারী পুলিশ সুপার নিয়োগ পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন—মানিকগঞ্জের এসপি মোছা. ইয়াছমিন খাতুন (হবিগঞ্জ); যশোরের এসপি রওনক জাহান (শরীয়তপুর); মাগুরার এসপি মিনা মাহমুদা (জয়পুরহাট); রাজশাহীর এসপি ফারজানা ইসলাম (বরিশাল)।

৬৪ জেলার জন্য নতুন করে এসপি নিয়োগ দেওয়া হয়েছে, যার মধ্যে কুমিল্লা, কুষ্টিয়া, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, ফরিদপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ঢাকা, গাজীপুরসহ সব জেলারই নতুন পুলিশ সুপার দায়িত্ব পেয়েছেন।

সরকারি সূত্র জানায়, ভোটকে কেন্দ্র করে মাঠ প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও সক্রিয় রাখার জন্য এই ব্যাপক রদবদল করা হয়েছে। তবে কিছু সূত্র দাবি করছে, লটারির বাইরেও নির্দিষ্ট একটি রাজনৈতিক ধারার অনুসারী কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে—যদিও সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসনের এই পুনর্গঠন নির্বাচনী প্রস্তুতিকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।