বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

খালেদা জিয়া আইসিইউতে: দেশবাসীর দোয়া কামনা বিএনপির

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রবিবার দিবাগত রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় তাঁর শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করায় চিকিৎসকদের সিদ্ধান্তে তাকে বিশেষ পর্যবেক্ষণে নেওয়া হয়।

চিকিৎসক দলের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার পুরোনো হৃদরোগের সঙ্গে যুক্ত হয়েছে নতুন জটিলতা—বুকে ধরা পড়া সংক্রমণ দ্রুত ফুসফুসে ছড়িয়ে পড়েছে, যা তাঁর শ্বাস-প্রশ্বাসে চাপ বাড়িয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পরই তাঁকে জরুরি বিভিন্ন পরীক্ষা করানো হয় এবং অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল কবির খান আরো জানান, মেডিকেল বোর্ড বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছে।

বোর্ডের আরেক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, সোমবারও বোর্ড বসেছে এবং নতুন কিছু পরীক্ষা করা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এক পোস্টে সোমবার বলা হয়েছে, ‘বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

‘বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।’

লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশে রয়েছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফিরেন। দেশে এভারকেয়ার হাসপাতালে তিনি নিয়মিত চিকিৎসা নেন।