বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ১০, আহত ৬ শতাধিক

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। এর উৎপত্তিস্থল নরসিংদী জেলার মাধবদী এলাকা—ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

হঠাৎ বিকট দুলুনিতে রাজধানীসহ সারাদেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনগুলো কেঁপে ওঠে, অনেক জায়গায় পলেস্তারা খসে পড়ে, কিছু ভবন হেলে যায়। আতঙ্কে ভবন থেকে বের হতে গিয়ে এবং বিভিন্ন স্থানের ধ্বংসস্তূপে চাপা পড়ে অন্তত ১০ জন নিহত এবং ৬০০–এর বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।

পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ছয়তলা ভবনের রেলিং ধসে পড়ে রাফিউল ইসলাম (২২), আবদুর রহিম (৪৭) ও তার ছেলে রিমন (১২) নিহত হন।
মুগদায় নির্মীয়মাণ ভবন থেকে রেলিং পড়ে নিহত হন নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আতঙ্কে লাফিয়ে নামতে গিয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

উৎপত্তিস্থল নরসিংদীতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভবনধস, দেয়ালচাপা এবং আতঙ্কে স্ট্রোক করে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ৭০ জন। বেশ কয়েকটি ভবনে বড় ফাটল দেখা গেছে এবং ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

রূপগঞ্জে একটি পুরোনো দেয়াল ধসে ফাতেমা (১) নামের এক শিশুর মৃত্যু হয়। আহত হন শিশুটির মা কুলসুম ও প্রতিবেশী জেসমিন বেগম।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. মঈনুল আহসান জানান, ভূমিকম্পে মোট ১৭টি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৬০৬ জন রোগী। তাঁদের মধ্যে ৪২৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন, ভর্তি রয়েছেন ১৬৭ জন, রেফার করা হয়েছে ১৬ জনকে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকায় আহত ২০৩ জন, পাঁচ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ১৭৮ জন, ভর্তি আছেন ২৫ জন, মৃত্যু চারজনের।

গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় দৌড়াদৌড়ি করে নিচে নামার সময় অন্তত সাড়ে সাত শতাধিক শ্রমিক আহত হন। সরকারি হাসপাতালগুলোয় দুপুর থেকে বিকেল পর্যন্ত ২৫০–এর বেশি মানুষ ভর্তি হন।

ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হল, শামসুন নাহার হল, কবি জসীম উদ্‌দীন হলসহ বিভিন্ন হলে পলেস্তারা খসে পড়েছে ও দেয়ালে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে শিক্ষার্থীরা হল ছাড়তে বাধ্য হন।

ঢাকার মালিবাগ, কলাবাগান, বনানী, ভাটারা, মোহাম্মদপুর, খিলগাঁও, বাড্ডা, মগবাজার, শাহজালাল বিমানবন্দর এলাকা ও উত্তরাসহ অন্তত ১৪ এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
চট্টগ্রামের ডবলমুরিংয়েও ছয়তলা একটি ভবন হেলে পড়েছে।

ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় তৎক্ষণাৎ উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শনে নামছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে বাংলাদেশের এটি সবচেয়ে তীব্র অনুভূত ভূমিকম্প।