বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’ উদ্বোধন করলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটাররা ডাকযোগে (পোস্টাল ব্যালট) ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ লক্ষ্যেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো মোবাইল অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’। প্রবাসী ভোটারদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, নিজ নির্বাচনী এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও এ অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালট গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উদ্বোধনের সময় নমুনা হিসেবে মিশর, জাপান, আরব আমিরাত, কেনিয়া ও নেদারল্যান্ডস থেকে একজন করে প্রবাসী বাংলাদেশির নিবন্ধন সম্পন্ন করা হয়।

সিইসি জানান, বুধবার থেকে শুরু হয়ে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিশ্বের ১৪৩টি দেশে ৪০ দিনব্যাপী এ নিবন্ধন প্রক্রিয়া চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি নাসির উদ্দিন বলেন, “এই অ্যাপ উদ্বোধন বাংলাদেশের নির্বাচন পদ্ধতিতে একটি মাইলফলক। এই প্রক্রিয়া ইতিহাস তৈরি করেছে, আর আপনারা হচ্ছেন সেই ইতিহাসের সাক্ষী।”
তিনি আরও বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ৩০ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত হলে গণতন্ত্র আরও প্রতিনিধিত্বশীল ও শক্তিশালী হবে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, প্রবাসীদের ডাকযোগে ভোট নিশ্চিত করতে কমিশন একটি হাইব্রিড প্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন করেছে। প্রতিটি ডাক ব্যালট খাম ব্যক্তিগতকরণ করা থাকায়, প্রতিটি ভোট আলাদাভাবে শনাক্ত ও ট্র্যাক করা সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ভার্চুয়ালি যুক্ত হন। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, সেখানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি বসবাস করেন, এবং তারা ব্যাপকভাবে নিবন্ধন করবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্য দুই নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, রাজনীতিবিদসহ বিদেশে অবস্থানরত কূটনীতিক ও প্রবাসীরা অংশ নেন।