রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নাশকতা সৃষ্টির লক্ষ্যে যারা এসব অগ্নিসংযোগ ও বিস্ফোরণের সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “বাসে আগুন লাগানো বা বোমা বিস্ফোরণে জড়িত কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। জনগণের ভয়ের কিছু নেই—আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”
রাজধানীতে নাশকতার চেষ্টায় তৎপরতা
মঙ্গলবার সন্ধ্যায় সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর আগে সোমবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা ও ধানমন্ডিতে শান্তমারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় সন্ত্রাসীরা। এছাড়া মিরপুর ১০ নম্বর, শাহ আলী মার্কেটের সামনে ও খিলগাঁও ফ্লাইওভারের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, এসব ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। “বাসে আগুনের ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে,” বলেন তিনি।
ময়মনসিংহে চালক নিহত
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সোমবার রাতে একটি বাসে আগুন দিলে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যান চালক জুলহাস মিয়া। ঘটনাটি ঘটে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজার এলাকার পেট্রল পাম্পের সামনে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
রাজনৈতিক উদ্দেশ্যে নাশকতার অভিযোগ
ডিবি সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ব্যানারে ঘোষিত ১৩ নভেম্বরের তথাকথিত “লকডাউন কর্মসূচি” সফল করার উদ্দেশ্যে রাজধানীতে ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগের পরিকল্পনা করা হচ্ছে।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এ নিয়ে কোনো ভয় বা আশঙ্কার কারণ নেই। প্রকৃত অপরাধীরা যাতে জামিন না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকতে বলা হয়েছে।”
কঠোর নিরাপত্তা ব্যবস্থা
দেশজুড়ে পুলিশি টহল ও নজরদারি বাড়ানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “রাস্তার পাশে পরিবহণ জ্বালানি বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হবে, যাতে দুর্বৃত্তরা এসব তেল ব্যবহার করে আগুন না দিতে পারে।”
তিনি জানান, লুট হওয়া বা হারানো অস্ত্র উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অপরাধীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
গোয়েন্দা তৎপরতায় কোনো ঘাটতি আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “কোনো গোয়েন্দা ব্যর্থতা নেই। এখন পর্যন্ত বড় ধরনের কোনো মিছিল বা বিশৃঙ্খলা ঘটেনি।”
নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৫ লাখ ৫০ হাজার আনসার এবং প্রায় ১ লাখ সেনা সদস্য মোতায়েন করা হবে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার নির্বাচনী প্রস্তুতির অগ্রগতিতে সন্তুষ্ট। জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।”




